নির্বাচন সুষ্ঠ হলে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন : হারুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ হারুন অর রশিদ বলেছেন, সুষ্ঠ নির্বাচন হলে চলমান দুর্যোগকালে একটা নির্বাচনেও আওয়ামী লীগ জিততে পারবে না বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, ‘সমস্ত নির্বাচনেই বিএনপির প্রার্থীদের বিজয় হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম নামে বিএনপি সমর্থক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, ‘বিএনপিকে মোকাবিলা করার মতো ক্ষমতা বর্তমান ও অতীতে কোনো সময়ে আওয়ামী লীগের ছিল না। আর তাই তারা বিএনপির বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আরও জানে সুষ্ঠ নির্বাচন হলে তারা জিততে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি যদি সুষ্ঠ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ একটি নির্বাচনেও জিততে পারবে না। এই দুর্যোগকালেও সব নির্বাচনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার একজন স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন। এই করোনাকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এমন কোনো দুর্নীতি নাই যে তিনি করেননি। তাই সাধারণ জনগণ তাকে অপসরণের দাবি তুলেছে। এই করোনাকালে আমদানিকৃত স্বাস্থ্যসামগ্রীতে ভয়াবহ দুর্নীতি হয়েছে। তাই দেশের প্রতিবাদী মানুষের দাবি উঠেছে রাজধানীতে বিশেষ একটি মিউজিয়াম বানিয়ে সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে রাখা হোক। বর্তমানে আমরা জাতীয় নেতাদের যেভাবে শ্রদ্ধা করি সেভাবে মিউজিয়ামে গিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে দেখব আর বলব এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি বাংলাদেশের স্বাস্থ্য খাত শুধু ধ্বংসই করেনি খাদের কিনারে ফেলে দিয়েছে।

বিএনপিদলীয় এই সাংসদ বলেন, নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণ হয়ে ২৮ জন নিহত হয়েছেন। আরও অনেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী সংসদে বলেন, মসজিদ বৈধ না অবৈধ। বাংলাদেশে আজ অবৈধ সরকার চেপে বসে আছে। সেটি নিয়ে পার্লামেন্টে কথা বলেন। মসজিদে মানুষ জামাত আদায় করতে যায়, এবাদত করতে যায়। সেই মসজিদ বৈধ না অবৈধ তা দেখতে বলেন। কিন্তু সেই মসজিদের জায়গা যারা দান করেছে তারা বলেছেন তাদের নিজস্ব জমি মসজিদের নামে দান করেছেন।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রেজা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।