রাতভর পার্টিতে মাতলেন করোনা আক্রান্ত ২০ শিক্ষার্থী!

সকাল থেকে গভীর পর্যন্ত পার্টি। আয়োজক মায়ামি ইউনিভার্সিটির ২০ শিক্ষার্থী; যাদের সবার শরীরে করোনার সংক্রমণ! শেষ পর্যন্ত সেই পার্টি থেমেছে অক্সফোর্ড পুলিশের অভিযানে।

মহামারীর সময় শিক্ষার্থীদের এমন কাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পুলিশ প্রধান। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘আমি কখনো এমন কাণ্ড-কারখানা দেখিনি।’

এক শিক্ষার্থীকে পুলিশ জেরা করলে তিনি জানান, সাত দিন আগে করোনা শনাক্ত হয়েছে তার। পাশাপাশি পার্টিতে যারা আছেন, সবারই করোনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা বলতে দেখা যায়।

সবার করোনার কথা শুনে পুলিশের এক সদস্য বলেন, ‘ওই গড। এখানে কী থামাতে এসেছি। আমরা আবার এই শহর খুলে দিতে চাইছি!’

মায়ামি ইউনিভার্সিটির প্রায় ১ হাজার শিক্ষার্থীর করোনা ধরা পড়েছে এখন পর্যন্ত। মারাও গেছেন অনেকে। এরপরেও শিক্ষার্থীরা সচেতন হচ্ছেন না বলে অভিযোগ পুলিশের।

চীন থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৯ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ১৯ হাজার ৫৭৭ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৮৭ জন।