গাজীপুরে পিটিয়ে ও কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠায়। গাজীপুর মেট্রো পুলিশের সদর থানার এস আই বশির আহমেদ এ তথ্য জানান।
নিহত শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।
গাজীপুর সদর থানার এসআই বশির আহমেদ এবং নিহতের শ্যালক রুবেল জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিনের বাড়ি ও দোকানের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যায়।
এসআই বশির আহমেদ আরও জানান, নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।