চার আসনে উপনির্বাচন

সাক্ষাৎকার শেষ বিএনপির সম্ভাব্য প্রার্থী ৫ জন

জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপনির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। গতকাল শনিবার রাজধানীর বিএনপির সম্ভাব্য প্রার্থী ৫ জন গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার পর্ব চলে। তরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি। পার্লামেন্টারি বোর্ডের একাধিক সদস্য দেশ রূপান্তরকে জানিয়েছেন, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী, ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিন/এস এম জাহাঙ্গীর, নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন বুলু ও সিরাজগঞ্জ-১ আসনে নাজমুল হাসান তালুকদার রানাকে মনোনয়ন দেওয়া হতে পারে।

গত বৃহস্পতি ও শুক্রবার দুদিন চারটি আসনে দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। এতে ২৯ জন দলের ফরম সংগ্রহ করে জমা দেন।  গতকাল বিকেল ৫টায় মনোনয়নপ্রত্যাশীরা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। বাইরে তাদের কর্মী-সমর্থকরা অবস্থান করে শোডাউন করেন। এ সময় ঢাকা-১৮ আসনে মনোনয়নপ্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়ান। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে কফিল সমর্থক ১০-১২ নেতাকর্মী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে গেছে। এছাড়া সাক্ষাৎকার শুরুর আধাঘণ্টা আগে ঢাকা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী নবী উল্লাহ নবী ও সালাহউদ্দিন আহমদের সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, নওগাঁ-৬ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে বেছে নিয়েছে পার্লামেন্টারি বোর্ড। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বুলুর বড় ভাই আলমগীর কবির। এবার নির্বাচনে আগ্রহী না হওয়ায় ছোট ভাই বুলুকে দলের প্রার্থী হতে সবুজ সঙ্কেত দিয়েছেন তিনি। এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন আবদুস শুকুর, এম এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এসহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাঈদ, রফিকুল আলম রফিক।

এদিকে সিরাজগঞ্জ-১ আসনে নাজমুল হাসান তালুকদার রানাকে প্রার্থী করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির পার্লামেন্টারি বোর্ডের একাধিক সদস্য। একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী রুমানা মাহমুদ কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করেও জমা দেননি। এ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন টি এম তাহজিবুল ইসলাম, রবিউল হাসান ও সেলিম রেজা।

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীই বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন বিএনপির সহ-শিল্পবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর নেতা মো. জুম্মন মিয়া, আকবর হোসেন নান্টু ও আনোয়ার হোসেন সর্দার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম কফিল উদ্দিন আহমেদ বা যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে।  এ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদী, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আখতার হোসেন ও ইশতিয়াক আজিজ উলফাত। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নেতা শহীদ উদ্দীন মাহমুদ নির্বাচন করেছিলেন। এবার ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন হচ্ছে না। তাই বিএনপি এ আসনে প্রার্থী দেবে।

পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি লন্ডন থেকে সংযুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যরা পদাধিকার বলে পার্লামেন্টারি বোর্ডের সদস্য। এছাড়া ঢাকা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন।