আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে।’
‘ক্ষমতার তাসের ঘর যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দলের শেকড় দেশের মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে, অর্জনে সমৃদ্ধিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিটি দুর্যোগে, সংকটে ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে। এ দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো তারা বোকার স্বর্গে বাস করছেন।’
প্রকৌশলীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আশা করব, আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যেকোনো অনিয়ম-দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।’ আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।