অর্ধেক দামে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু আজ

কয়েক দিন ধরেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ ও দেশি পেঁয়াজ ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে আজ রবিবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে করে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারি সংস্থাটি। দৈনিক সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ, চিনি ও মসুর ডাল এবং ২-৫ লিটার পর্যন্ত সয়াবিন তেল কিনতে পারবেন ভোক্তারা। গত বৃহস্পতিবার টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

টিসিবি জানায়, প্রতিটি ট্রাকের জন্য দৈনিক ৫০০-৭০০ কেজি চিনি, ৪০০-৬০০ কেজি মসুর ডাল, ২০০-৪০০ কেজি পেঁয়াজ এবং ৭০০ থেকে ১০০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেবে টিসিবি। প্রতিদিনের পণ্য বিক্রির স্থান ও ডিলারদের ফোন নম্বর টিসিবির ওয়েবসাইটে বেলা ১১-১২টার মধ্যে আপলোড করা হবে। করোনা ও বন্যাপরবর্তী পরিস্থিতিতে ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৫টি; রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া ও কুমিল্লায় ৫টি করে এবং ঝিনাইদহ ও মাদারীপুরে ৩টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হবে। অন্যান্য জেলায় ২টি করে ভ্রাম্যমাণ ট্রাক থাকবে। এ ছাড়া টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলাগুলোর জন্য ৫টি অতিরিক্ত এবং বন্যাকবলিত জেলা ও উপজেলায় (ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও মাদারীপুর) অতিরিক্ত ১৩টি ট্রাকে পণ্য বিক্রি হবে।