দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকে পেটানো সেই শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু সাকিব আহমেদকে (১৪) পেটানো নুরুল হুদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে উপজেলার আটরাই ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার আট বছর বয়সী ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির জের ধরে দৃষ্টিপ্রতিবন্ধী সাকিবকে পিটিয়ে আহত করেন স্কুলশিক্ষক হুমায়ুন। শুক্রবার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। ওই গ্রামের রমনা আহমেদের ছেলে সাকিব চকবোলিয়া এস দ্বিমুখী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

ছেলেকে পেটানোর খবর পেয়ে সাকিবের মা ও বাবা শুক্রবার ঢাকা থেকে গ্রামে ফিরেন। ওই রাতে বাবা রমনা আহমেদ হুমায়ুনসহ চারজনের নামে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।

পার্বতীপুর মডেল থানার এসআই বিধান চন্দ্র বর্মণ জানান, বৃহস্পতিবার সকালে হুমায়ুন কবিরের ষষ্ঠ শ্রেণিতে পড়া ছেলে জাহিনের সঙ্গে সাকিবের প্রথমে কথা কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে হুমায়ুন কবির ও তার ভাতিজা সৌরভ আহমেদ (১৯) পালাক্রমে সাকিবকে পেটান। এতে সে গুরুতর আহত হয়। পরে হুমায়ুন ও তার পরিবারের হুমকির মুখে দাদিকে নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের নানাবাড়িতে চলে যায় সাবিক। বর্তমানে সে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আটরাই ডাঙ্গা গ্রামের ইকতিয়ার হক জানান, সম্প্রতি সরকারি দলের রাজনীতিতে যোগ দেওয়ায় শিক্ষক হুমায়ুন ও তার পরিবারের লোকজন বেপরোয়া হয়ে উঠেছেন। ছোটখাটো ঘটনায় গ্রামের অনেকে তাদের হাতে মারধর ও লাঞ্ছনার শিকার হন।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।