অক্সফোর্ডের টিকার ট্রায়াল ফের শুরু

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি আস্ট্রাজেনেকার তৈরি করা করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ফের শুরু হয়েছে। একজন অংশগ্রহণকারীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় কয়েক দিন আগে এর ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত রাখা হয়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ফের ট্রায়াল শুরু করার কথা জানিয়ে গতকাল শনিবার আস্ট্রাজেনেকা বলেছে, নিরাপত্তা পর্যালোচনাকারীরা ব্রিটেনের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটিকে (এমএইচআরএ) বলেছে যে, যুক্তরাজ্যে পুনরায় ট্রায়াল শুরু করাটা নিরাপদ।

আস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ হাজার অংশগ্রহণকারী যুক্ত আছেন।

যুক্তরাজ্যে যে অংশগ্রহণকারী অসুস্থ হয়েছেন তিনি মেরুদণ্ডে প্রদাহজনিত স্নায়ুবিক সমস্যা, যা ট্রান্সভার্স মায়েলাইটাস নামক রোগে ভুগছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে কেমব্রিজভিত্তিক আস্ট্রাজেনেকা ওই রোগী সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার এই টিকাকে সবচেয়ে সম্ভাবনাময় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর চিফ সায়েন্টিস্ট বলেছেন, ট্রায়ালের এই সাময়িক বিরতিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে নেওয়া উচিত যে, একটি টিকা তৈরির প্রক্রিয়ায় উত্থান-পতন থাকবে।