টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পথে।
মেয়র পদে শিমুল ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় এই সম্ভাবনা দেখা দিয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। সোমবারের বাছা্য়ই বৈধ হওয়া এবং ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পার হওয়ার পরই এই ঘোষণা হবে বলেও সূত্র জানায়।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে শিমুল দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে ১ মার্চ এই পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।
গত ৭ সেপ্টেম্বর রবিবার মির্জাপুর পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পরদিন সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুলকে দলের একক প্রার্থী হিসেবে মনোনীত করার সুপারিশ করে কেন্দ্রে চিঠি প্রেরণ করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর শিমুল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হন।
এদিকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা আক্তার শিমুল ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিমুলের মেয়র নির্বাচিত হওয়ার পথ সুগম হল।
সোমবার বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত এবং ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ পার হওয়ার পরই তা চূড়ান্ত হবে বলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসান জানিয়েছেন।