বর্তমানে দেশের ৫৫ শতাংশ গ্রামীণ পরিবারের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই বলে এক সমীক্ষায় উঠে এসেছে। গতকাল রবিবার প্রকাশিত ওই সমীক্ষায় আরও দেখা গেছে, গ্রামীণ পরিবারগুলোর ৫৯ শতাংশের স্মার্টফোন ও ৪৯ শতাংশের কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই।
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে ডিজিটাল সাক্ষরতার বর্তমান অবস্থা তুলে ধরতে ও ডিজিটাল লিটারেসি ইনডেক্স (ডিএলআই) তৈরির জন্য সারা দেশে ৬ হাজার ৫০০ গ্রামীণ পরিবারের ওপর এ সমীক্ষা পরিচালনা করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
সমীক্ষার ফলাফল ‘বাংলাদেশে ডিজিটাল লিটারেসি’ শীর্ষক অনলাইন সেমিনারে তুলে ধরা হয়। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারগুলোর মধ্যে বিরাজমান ‘ডিজিটাল বিভাজন’ অব্যাহত থাকার কারণে দেশের ই-গভর্নেন্স সিস্টেমের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।