‘টিকটক প্রো’ নিয়ে সতর্কতা বিশেষজ্ঞদের

একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হিসেবে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা আছে, সেগুলো নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে টিকটকের উন্নত ভার্সন হিসেবে দাবি করা ভুয়া অ্যাপ ‘টিকটক প্রো’ নিয়ে তাদের এই পরামর্শ। গবেষকদের মতে, এই অ্যাপে বিপজ্জনক স্পাইওয়্যার রয়েছে। অ্যাপটি সম্পর্কে গবেষক শিবাং দেশাই জানান, ‘ইনস্টল শেষে টিকটক প্রো নামক এই স্পাইওয়্যার অ্যাপ নিজেকে টিকটক রূপে প্রদর্শন করে। ব্যবহারকারী অ্যাপটি চালু করার সঙ্গে সঙ্গে এটি ভুয়া নোটিফিকেশন অন করে এবং অ্যাপের আইকন দ্রুত অদৃশ্য হয়ে যায়। ইনস্টল হয়ে গেলে এই ভুয়া অ্যাপ এসএমএস ও লোকেশনের তথ্য চুরি করা, ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা, ফোন নম্বরে কল করা এবং ফেইসবুক হ্যাকের চেষ্টা করা ইত্যাদি কার্যক্রম চালিয়ে যায়।

তাই অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে সব সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এ ধরনের আক্রমণে তথ্য চুরি করা খুব সহজ। গুগল প্লে-স্টোর ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ইনস্টল করা এবং অ্যাড, মেসেজে বা ই-মেইলের মাধ্যমের প্রাপ্ত অজানা লিংকগুলোতে ক্লিক করা উচিত নয়। টিকটক প্রোসহ যেকোনো অ্যাপের আইকন হাইড হয়ে গেলে সেটিংস থেকে অ্যাপস অপশনে গিয়ে সার্চ বক্সে অ্যাপটির নাম লিখে তা খুঁজে বের করে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন দেশাই।