১৮১ বছর ধরে ফোয়ারার নিচে মেয়রের হৃৎপিণ্ড!

দশকের পর দশক ধরে ছিল একটা শহুরে মিথ। লোকমুখে শোনা যেত শহরের কেন্দ্রের একটি ফোয়ারার তলায় সযতেœ রাখা আছে সাবেক এক মেয়রের হৃৎপিণ্ড! তবে খুব বেশি মানুষ বিশ্বাস করত না এমন কথা। তবে গত মাসে সত্য প্রমাণিত হয়েছে সেই মিথ। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের একটি শহরে।

বেলজিয়ামের ভেরভিয়ে শহরের প্রথম মেয়র ছিলেন পিয়ের ডেভিড। প্রথমে ১৮০০ থেকে ১৮০৮ ও পরে ১৮৩০ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত মেয়র ছিলেন তিনি। ১৮৩৯ সালে একটি উঁচু ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি। মৃত্যুর তিন দিন পর তার পরিবারের ইচ্ছায় পিয়ের ডেভিডের হৃৎপিণ্ড সরিয়ে রাখা হয় পরে একটি স্মারক গঠনের উদ্দেশ্যে। এরও কয়েক দশক পর ডেভিডের স্মৃতিতে ‘ফন্টেন ডেভিড’ নামে একটি ফোয়ারা তৈরি হয় শহরের কেন্দ্র এলাকায়। ১৮৮৩ সালে তৈরি এই ফোয়ারার নিচে একটি ধাতব কৌটায় ইথানলে ভরে পুঁতে রাখা হয় হৃৎপিণ্ডটি।

চলতি বছরের আগস্ট মাসে সেই ফোয়ারার সংস্কারের কাজ শুরু হলে এই বাক্সটি খুঁজে পাওয়া যায়। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেই বাক্স রাখা থাকবে ভেরভিয়ে শহরের ফাইন আর্টস অ্যান্ড সেরামিকস জাদুঘরে।

জাদুঘরের ডেপুটি কিউরেটর নাটালি উইয়ের্টস বলেন, ‘আমি আর কোনো এমন ঘটনার কথা জানি না যেখানে কোনো সাবেক মেয়রের হৃৎপিণ্ড এভাবে সংরক্ষণ করা হয়েছে। একেবারেই অভিনব।’

ভেরভিয়ে শহরের কাউন্সিলর ম্যাক্সিম ডেগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই বাক্সের কথা সকলেই জানতেন কিন্তু কেউই সেভাবে বিশ্বাস করেনি এতদিন। তবে অবশেষে সেই মিথ বাস্তবে পরিণত হয়েছে।

তিনি জানান, ফোয়ারার সংস্কারের কাজ শেষ হলে আবার ফন্টেন ডেভিডের তলার নিরাপদ আশ্রয়ে ফেরত যাবে পিয়ের ডেভিডের হৃৎপিণ্ড।