চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধী

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। গত শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন। রুটিনমাফিক চেকআপের জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

তবে তার এ সফরের কারণে তিনি আজ অনুষ্ঠিতব্য পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে থাকতে পারবেন না। বার্ষিক মেডিকেল চেকআপের জন্য কমপক্ষে দুই সপ্তাহ সোনিয়া গান্ধীকে বিদেশে থাকতে হবে। দীর্ঘ সময় ধরেই অসুস্থ তিনি। ২০১১ সালে কংগ্রেস সভানেত্রীর শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করা হয়। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে তার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই তাকে নিয়মিত চেকআপ করাতে বিদেশে যেতে হচ্ছে।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক টুইট করে সোনিয়া গান্ধীর বিদেশযাত্রার খবর দিয়েছেন। তিনি জানান, আরও আগেই বিদেশ যাওয়ার কথা ছিল কংগ্রেস সভানেত্রীর। কিন্তু করোনাভাইরাসের কারণে সময় পিছিয়ে দিতে হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশে ফিরবেন তিনি। তার অনুপস্থিতিতে যাতে সাংগঠনিক কাজকর্মে কোনো সমস্যা না হয় সেজন্য শুক্রবারই এআইসিসির সাংগঠনিক কিছু রদবদল করেছেন।

গত শুক্রবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঢেলে সাজিয়েছেন সোনিয়া গান্ধী। দলের প্রতিদিনের কাজকর্মে তাকে সহায়তা করার জন্য ছয় সদস্যের একটি প্যানেল তৈরি করেছেন। একে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, মুকুল ওয়াসনিক, অম্বিকা সোনি, কেসি বেনুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা ওই কমিটির সদস্য।

এদিকে আসন্ন সংসদ অধিবেশন শুরুর আগে প্রত্যেক সাংসদকে কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। লোকসভার স্পিকার জানিয়েছেন, কমপক্ষে তিন দিন আগে প্রত্যেককে কভিড টেস্ট করিয়ে নিতে হবে। ওই রিপোর্ট ছাড়া কোনো সংসদ সদস্যই অধিবেশনে যোগ দিতে পারবেন না। করোনা পরীক্ষা করাতে হবে সাংসদদের পরিবারের সদস্যদেরও।