শিশুকে জিম্মি করে ‘বন্ধুর’ স্ত্রীকে ধর্ষণ

চট্টগ্রামের ইপিজেডে এক তরুণের বিরুদ্ধে বন্ধুর ১৪ মাসের শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যার পর স্থানীয় আকমল রোড খালপাড় এলাকা থেকে মো. রবিউল ইসলাম (২২) নামে ওই তরুণকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযুক্ত রবিউল পিরোজপুরের মঠবাড়িয়া থানার আলগীবাজার গ্রামের বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরীর স্টিলমিল বাজার এলাকায় থাকেন তিনি। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহ্মুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর খালপাড় এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, বন্ধুর অনুপস্থিতিতে বাসায় গিয়ে তার শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে সে। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে সে। পরবর্তী সময়ে ওই নারী ও তার স্বামী র‌্যাব-৭ এর কাছে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।