কালীগঞ্জে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে কাজীর ৬ মাসের কারাদণ্ড

লালমনিরহাটের  কালীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধনের অপরাধে অভিযুক্ত আবু হানিফ (৪৮) নামে এক নিকাহ রেজিস্ট্রার (কাজী)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ওই আদালত।

রবিবার রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড় দিঘির পাড় এলাকায় এই বাল্য বিয়ের ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আবু হানিফ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারি গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান দেশ রূপান্তরকে বলেন, ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে কওমি মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন চলছে এমন একটি খবরের সূত্র ধরে রবিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  পরে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে কাজীকে ৬ মাসের জেল ও বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে এমন অভিযান চলবে বলেও তিনি জানান।