পটুয়াখালীর দুমকিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশ্ববিদ্যালয় চত্বর এলাকার নূতন বাজারে অভিযান চালিয়ে হাওলাদার মেডিকেল হল মালিক মো. হুমায়ূন কবির (৩৮)-কে ১২ হাজার টাকা, নিউ স্টার চাইনিজ অ্যান্ড ফাষ্টফুড রেস্টুরেন্ট’র মালিক মো. জাকির শিকদার (৫০) ৬ হাজার টাকা এবং বৈশাখী ফুডস অ্যান্ড বেকারী’র মালিক মো. বজলুর রজমান (৩৪)-কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৩ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।