সনদ নবায়নের সময় বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

চলতি অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কোনো প্রতিষ্ঠান সনদ নবায়ন না করলে ওই প্রতিষ্ঠানকে ৩১ অক্টোবরের পর কোনো ধরনের সেবা দেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

ইপিবির এ-সংক্রান্ত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান চলতি অর্থবছর মেয়াদি নিবন্ধন সনদ নবায়নের জন্য ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে সক্ষম হয়নি তারা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত নিবন্ধন নবায়ন ফি তিন হাজার, বিলম্ব ফি দুই হাজারসহ মোট পাঁচ হাজার টাকার পে-স্লিপ, নিম্নবর্ণিত কাগজপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সত্যায়িত দুই কপি ছবি, ট্রেড লাইসেন্সের নবায়িত কপি, ইআরসি সনদের নবায়িত কপি, সংশ্লিষ্ট সমিতির সদস্য সনদের নবায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্সের নবায়িত কপি লাগবে।

এ ছাড়া লাগবে ফায়ার সার্ভিস সনদপত্রের নবায়িত কপি, ফায়ার পলিসির নবায়িত কপি, গ্রুপ বীমার নবায়িত কপি, যেসব প্রতিষ্ঠান অদ্যাবধি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কারখানা ভবনের লে-আউট প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইনের কপি দাখিল করেনি, ওই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে অনুমোদিত লে-আউট প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০-২১ মেয়াদের জন্য নবায়নের আবেদন দাখিলের ক্ষেত্রে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবা বাড়ানো হলো। ৩১ অক্টোবরের পর নিবন্ধন নবায়ন ব্যতীত রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে কোনো ধরনের সেবা প্রদান করা হবে না। এতে আরও বলা হয়, বিজিএমইএ ও বিকেএমইএ এবং অন্যান্য সমিতির সদস্যভুক্ত যেসব প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ কার্যালয় থেকে সেবা গ্রহণ করে থাকে তাদের নিবন্ধন সনদ নবায়নের জন্য সরাসরি ব্যুরোর চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ কার্যালয়ে আবেদন করতে হবে।