জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা। গতকাল সোমাবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনের ভোটে তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন। এর ফলে ৭১ বছর বয়সী সুগা যে বিদায়ী প্রধানমন্ত্রী আবে শিনজোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তা প্রায় নিশ্চিত।
বিবিসির খবরে বলা হয়েছে, দলীয় সংসদ সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিদের কাছ থেকে ৫৩৪টি ভোটের মধ্যে ৩৭৭টি ভোট পেয়ে এলডিপির সভাপতি পদে বড় ব্যবধানে বিজয়ী হন সুগা।
এই ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট আর অপর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।
নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে থাকেন। আগামীকাল বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। সেখানে অবশ্য সব দলের সদস্যরাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তবে পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন।
অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ আগস্ট হঠাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবে। জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’রোগে ভুগছেন।
আবের পদত্যাগের পর তার দল থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির অন্যতম নীতিনির্ধারক কিশিদা এবং শিনজো আবের আশীর্বাদপুষ্ট ও দীর্ঘদিনের মন্ত্রিপরিষদ সচিব সুগা।
এক কৃষক পরিবারে জন্ম নেওয়া সুগা ১৯৭৩ সালে টোকিও হোসেই নৈশ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন। ১৯৮৬ সালে যোগ দেন এলডিপিতে। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন।
শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময়জুড়ে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা সুগা সরকারের নীতিনির্ধারকের ভূমিকায়ও ছিলেন। তার বিষয়ে টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ডিন কোইচি নাকানো বলেন, আবেকে ছাড়াই আবের প্রশাসন পরিচালনা করতে পারবেন বলেই ইয়োশিহিদে সুগাকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে। কর্মঠ ও বাস্তববাদী নেতা হিসেবে সুগার উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। এলডিপির মধ্যেও সুগা যথেষ্ট জনপ্রিয়।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো আবের রেখে যাওয়া প্রধানমন্ত্রিত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন। পাশাপাশি এলডিপির নেতৃত্বও দেবেন।