কেন্দ্রীয়ভাবে নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নয়, স্ব স্ব মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গত ১৭ মার্চ দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে এই ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। তবে এই সময়কালীন প্রাথমিক মাধ্যমিকের ক্লাস কার্যক্রম টিভি, রেডিও এবং অনলাইনে চালু রয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষা স্তরে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানগুলো। কিন্তু নিয়মানুযায়ী এই সময়ে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা অনুষ্ঠিত হয়নি। বাতিল হয়েছে এ বছরের পিইসি এবং জেএসসি পরীক্ষা। নির্ধারিত সময়ে একাদশের ভর্তি শুরু করা যায়নি। এমনকি দীর্ঘ ৬ মাস ধরে স্থগিত রয়েছে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান খুললেই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’