সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ুম, কাজী জাহেদ ইকবাল ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
গত ৯ আগস্ট বিচারিক আদালত দিদারুল ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করলে ২০ আগস্ট তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। এ মামলায় গ্রেপ্তার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন গত ৭ সেপ্টেম্বর বিচারিক আদালত থেকে জামিন পান। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ এখনো কারাগারে রয়েছেন। গত ৫ মে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের হয়।