প্রার্থীর মৃত্যুতে অনিশ্চয়তায় গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন

করোনাভাইরাসের বিস্তার রোধে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন। আগামী ১০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এক পত্রে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম মন্ডলের আকস্মিক মৃত্যুতে নির্বাচন আবারো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

 নুরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং ভালো অবস্থান গড়ে তোলেন।

নুরুল ইসলাম মন্ডল রবিবার রাত ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, গোয়ালন্দ উপজেলা পরিষদের স্থগিত থাকা উপনির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নির্বাচনের প্রার্থী মো. নুরুল ইসলামের মৃত্যুতে বিধি অনুযায়ী এ নির্বাচনের তফসিল বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করলে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে কবে তফসিল ঘোষণা করা হতে পারে সেটা কমিশনের বিষয়।

তিনি আরও জানান, বর্তমান তফসিলে যারা বৈধ প্রার্থী রয়েছেন তাদেরকে আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। তারা পরবর্তী তফসিলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।