দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত টানা চার দিন ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০-এর নিচে ছিল। এমনকি গত সোমবার ২৬ জনের মৃত্যু হয়েছিল, যা গত ৪৩ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু পরদিন গতকাল মঙ্গলবার মৃত্যু এক লাফে ৪০ ছাড়িয়ে গেছে। এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন, যা গত ১৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২৮ আগস্ট ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছিল। দেশে সম্প্রতি নতুন করোনা রোগী শনাক্তের হার কমে এলেও মৃত্যু কোনোভাবেই কমানো যাচ্ছে না। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে গত সোমবার বাংলাদেশ মৃত্যুর দিক থেকে করোনার উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে। এমন উদ্বেগের মধ্যেই দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১৭ জনের বেশি মৃত্যু হলো।
গতকাল দেশে করোনা শনাক্তের ১৯২তম দিনে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ হাজারের অল্প কিছু বেশি পরীক্ষায় আরও ১ হাজার ৭২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে এদিন দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ২ হাজার ২ দশমিক ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রতি ১০ লাখে মৃত্যুবরণ করেছেন ২৮ দশমিক ২০ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ দশমিক ০৭ জন।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা চলমান রয়েছে। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগৃহীত হয়েছে। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০টি। এসব পরীক্ষায় ১ হাজার ৭২৪ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ের মধ্যে আরও ৪৩ জন রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে গতকাল পর্যন্ত ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি নমুনা পরীক্ষায় মোট ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৮০২ এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। বাকিরা এখনো চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৯ দশমিক ৪১ শতাংশ হারে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪১ শতাংশ এবং সুস্থতার হার ৭২ দশমিক ০১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৭ জন ঢাকা বিভাগের, ৫ জন খুলনা, ৪ জন সিলেট, ৩ জন চট্টগ্রাম এবং ২ জন করে মোট ৪ জন রাজশাহী ও রংপুর বিভাগের। মৃতদের মধ্যে ৩২ জনই ষাটোর্ধ্ব বয়সের। বাকিদের মধ্যে ৫১-৬০ বছরের ৭, ৪১-৫০ বছরের ৩ ও ৩১-৪০ বছরের ছিলেন ১ জন। এদিন ৪৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৪৪ ও নারী ১ হাজার ৫৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৯৭ ও নারী ২২ দশমিক ০৩ শতাংশ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৩৯ জন মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৮, খুলনায় ৪০৬, রাজশাহীতে ৩২৩, রংপুরে ২২৮, সিলেটে ২১৬, বরিশালে ১৮০ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১০২ জন মৃত্যুবরণ করেছেন।