ভুয়া এনআইডি তৈরি চক্রের আরও একজন গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি চক্রের আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার হওয়া ভুয়া পরিচয়পত্র তৈরি ও ব্যাংক থেকে ঋণ নেওয়ায় সহায়তাকারী চক্রের মজিদ ও মামুনের গতকাল দায় স্বীকার করে দেওয়া বক্তব্য রেকর্ড করেছে আদালত।

ডিবি জানায়, মহিউদ্দিন একজন ব্যবসায়ী। তার মাস্কের ব্যবসা রয়েছে। ঋণখেলাপি হওয়ায় তার ক্রেডিট ইনফরমেশন (সিআইবি) প্রতিবেদন খারাপ। এজন্য সে ঋণ নিতে পারছিল না। তাই ভুয়া তথ্য দিয়ে সে এনআইডি কার্ড বানাতে দেয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আমিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া ১২টি এনআইডির একটি হচ্ছে মহিউদ্দিনের। মঙ্গলবার রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া চক্রের দুজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্যদের আরও রিমান্ড চাওয়া হবে।

গত শনিবার রাতে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ডি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এনআইডি তৈরি চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি। তারা হলো মো. সুমন পারভেজ (৪০), মো. মজিদ (৪২), সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩২), মো. আনোয়ারুল ইসলাম (২৬) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৪১)। এ সময় তাদের কাছ থেকে দ্বৈত, জাল ও ডুপ্লিকেট ১২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল তাদের রিমান্ড শেষ হয়েছে।