স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার রায়ে স্বামী বাবুল সরকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায় স্থানীয় জনকীর্ণ আদালতে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার আজ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত বাবুল সরকার (৫০) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর তালতলা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকার তুমিজ উদ্দিনের মেয়ে তানজিলা খাতুনকে (৩৫) বিয়ে করে সংসার করছিলেন বাবুল সরকার। দাম্পত্য কলহের জের ধরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তানজিলাকে হত্যা করেন স্বামী বাবুল সরকার।
ওই দিনই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষেতলাল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বোন তৌহিদা খাতুন বাদী হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে ৩০২ ধারায় বাবুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বাবুল সরকার পরের দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এ মামলায় পাঁচবিবি থানার এসআই মোখলেসুর রহমান ২০১৭ সালের ২২ মে স্বামী বাবুল সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এ মামলায় আদালত ১৯ জনে সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার স্বামী বাবুল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাড হেনা কবির।