সুয়ারেজকে আবারো বার্সার স্কোয়াডে রাখলেন না কোম্যান

লুইস সুয়ারেজ যে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় নেই, তার প্রমাণ মিলল আবারো। নতুন মৌসুমে নিজেদের মিশন শুরুর আগে বার্সেলোনার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সুয়ারেজকে স্কোয়াডে রাখেননি কোম্যান।

বুধবার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় প্রীতি ম্যাচে জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। সুয়ারেজ ছাড়াও আর্তুরো ভিদাল, রাফিনিয়া, ম্যাথিউস ফার্নান্দেস, মুসা উয়েগেকে আবারো স্কোয়াডে রাখেননি কোম্যান।

শনিবার জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে প্রথম প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছিল বার্সেলোনা। ম্যাচটি ৩-১ গোলে জিতে কাতালান ক্লাবটি। সেই ম্যাচে ছিলেন না সুয়ারেজ। অবশ্য জুভেন্তাসের সঙ্গে চুক্তির অনেকটা কাছে ছিলেন বলে সেই ম্যাচে রাখা হয়নি সুয়ারেজকে। কিন্তু তুরিনের ক্লাবটির সঙ্গে সুয়ারেজের চুক্তি অনেকটাই হুমকির মুখে।

এ অবস্থায় সুয়ারেজ বার্সাতেই থেকে যান কিনা সে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। প্রস্তুতি ম্যাচে জায়গা হলে ‍সুয়ারেজ বার্সায়ই থেকে যেতে পারেন মনে করা হচ্ছিল। কিন্তু এবারো স্কোয়াডে তার জায়গা না হওয়ায় নতুন ভাবনার রসদ মিলল বলা চলে।