জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা অভিনন্দন বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার (ইয়োশিহিদে সুগা) নির্বাচন আপনার গতিশীল নেতৃত্ব ও দৃঢ়তা এবং আপনার ওপর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপানের জনগণের আস্থার প্রতিফলন।’
বলেন, ‘করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে যোগ দিচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ জাপানের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি আপনার ইতিবাচক মনোভাব সম্পর্কিত দূরদর্শী নীতিমালা বাস্তবায়ন করাকেও খুবই মূল্যবান মনে করে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে। বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দুই দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে।’ প্রধানমন্ত্রী জাপানের নতুন প্রধানমন্ত্রীকে সম্ভাব্য স্বল্পতম ও সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ইয়োশিহিদে সুগার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং জাপানের বন্ধুপ্রতিম জনগণের অবিচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনাও করেন তিনি। বাসস।