সাভার-আশুলিয়ায় র্যাব-৪ এর পৃথক অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী রিয়াজ, বেলজিয়ান বিয়ারসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী এবং অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রীর অপরাধে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, গণকবাড়ি ও সাভারের হারুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ নতুন ডেন্ডাবর হাজী সোনা মিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রিয়াজুল ইসলাম (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার বাগপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না। এমনকি কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে সিপিসি-২, র্যাব-৪ এর পৃথক অভিযানে বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার গনকবাড়ী এলাকার হাসান এ্যাপার্টমেন্টের নিচ তলায় অবস্থিত জিয়া ড্রাগ হাউজ-২’এ অভিযান পরিচালনা করা হয়। এসমময় ৩১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ জিয়া ড্রাগ হাউজ-২ এর কর্মচারী, মোঃ নাঈম ইসলাম (২১), মোঃ আবু বক্কর (২১) ও মো. নুর নবীকে (২২) গ্রেপ্তার করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাত তিন টার দিকে সিপিসি-২, র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে সাভার মডেল থানাধীন হারুরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ির একটি টিনের ঘর থেকে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ারসহ মো. মকবুল আহমেদ ওরফে মুকুল (২৪) ও মো. হাফিজুর রহমান (২৬) নামে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিয়ার ক্যান ও অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রি করত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।