রমনা পার্ক কেন উন্মুক্ত করা হচ্ছে না জানতে চায় হাইকোর্ট

রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য কেন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর প্রাথমিক বক্তব্য শুনে গতকাল বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিক নির্দেশ দেয়। এ নিয়ে পরবর্তী শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য রাখে আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস সাদিক। অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘রমনা পার্ক জনসাধারণের জন্য কেন উন্মুক্ত করা হচ্ছে না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। আদালত কোনো লিখিত আদেশ কিংবা রুল দেননি। মৌখিক আদেশ দিয়েছেন।’ রমনা পার্ক উন্মুক্ত করে দিতে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ইউনুছ আলী আকন্দ। আবেদনের বরাতে তিনি জানান, ১৬১০ খ্রিস্টাব্দ (মুঘল আমল) থেকে রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত। কিন্তু দেশে করোনাভাইরাসজনিত সংক্রমণের কারণে গত মার্চ থেকে পার্কে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।