ভরিতে সোনার দাম ২ হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে ৭৬ হাজার ৪৫৮ টাকায় দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ শুক্রবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও পর্যাপ্ত আমদানির অভাবে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রূপার মূল্য নির্ধারণ করেছে।
ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫৪ হাজার ২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
এর আগে গত ১৩ ও ২১ আগস্ট সোনার দাম কমিয়েছিল বাজুস। সর্বশেষ চলতি মাসের ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাজুস। যা ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। সেই দাম অনুযায়ী আজকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪ হাজার ৮ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা টাকায় বিক্রি হয়েছে।