করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে (৭১) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গতকাল শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের ঘনিষ্ঠ একজন জানান, সকালে মাহবুবে আলমের হৃদরোগজনিত সমস্যা সৃষ্টি হয়। এরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ১৫ দিন ধরে তিনি সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। তার শারীরিক অবস্থাও ভালো ছিল। কিন্তু আজ (গতকাল) ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’ গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জ্বর অনুভব করেন। পরদিন সকালে পরীক্ষা করালে কভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। 

জেষ্ঠ এই আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইনি পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবে আলম। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ মেয়াদে সম্পাদক এবং ২০০৫-০৬ সালে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মাহবুবে আলম।