দেবীগঞ্জে সফটওয়্যার-মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জের তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুষ্ঠু সমন্বয় ও সুষম বণ্টনে দেশের প্রথম সফটওয়্যার ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এই সফটওয়্যার ও মোবাইল অ্যাপের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এ বিষয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভিডিও বক্তব্য শোনানো হয়।

এ সময় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমেই সব সেবা সুবিধাভোগীদের মাঝে যেমন সহজেই পৌঁছে দেয়া সম্ভব। তেমনি জনসংখ্যা বা দারিদ্র্যকে ভিত্তি ধরে বিভিন্ন এলাকায় সুবিধার সুষম বণ্টনও করা যাবে।

এ জন্য সফটওয়্যার ও মোবাইল অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটা আমাদের বেশ কাজে দেবে বলে আমরা ধারণা করছি। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য একটি শৃঙ্খলা পূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে এটা সহায়তা করবে।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষ সরাসরি এসে নানা ভাতা ও সুবিধা পেতে তদবির করে। তারাই একে অপরের বিষয়ে বলে ‘ও তো ওটা পেয়েছে, ওকে না দিয়ে আমাকে দেন’। এমন অনুযোগের তাৎক্ষণিক সমাধানেও এই সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপ তাকে সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যাতে এগিয়ে চলতে পারি সে জন্য আধুনিকায়নের বিকল্প নেই। তাই পরবর্তী প্রজন্মের জন্য একটি শৃঙ্খলা পূর্ণ ব্যবস্থা ও জাতি হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এটি চালু হলে সেবা প্রদান সহজসহ দুর্নীতি রোধ করা সম্ভব হবে। ঘরে বসেই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে। এক ক্লিকে ডাটাবেজে এন্ট্রি সকল উপকার ভোগীর নাম জানা যাবে।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও বক্তব্যে বলেন, এমন উদ্ভাবনী উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য। কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে সারা দেশে এটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অপ্রতিরোধ কুড়িগ্রামের সভাপতি চৌধুরী মো. তানভিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, ইউএনও প্রত্যয় হাসান. উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসানাত জামান চৌধুরী জর্জ প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে দেশে এই প্রথম সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপ কার্যক্রম শুরু হলো। এই সফটওয়্যারের মাধ্যমে উপজেলার সকল উপকারভোগীর ডাটাবেজ তৈরি করা হবে। এই সফটওয়্যার ব্যবহার করে খাদ্য বান্ধব কর্মসূচি, বয়স্ক, বিধবা,স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি, বাইসাইকেল বিতরণ, উপবৃত্তি,কর্মসৃজন,মানবিক সহায়তা প্রকল্প কার্যক্রমসহ সরকারের সকল সেবা প্রদান করা হবে। এটি চালু হলে সেবা প্রদান সহজ সহ দুর্নীতি রোধ করা সম্ভব হবে । ঘরে বসেই অভিযোগের সততা যাচাই করা সম্ভব হবে। এক ক্লিকে ডাটাবেজে এন্ট্রি সকল উপকার ভোগীর নাম জানা যাবে।

পরে মন্ত্রী সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপ এর মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীর মাঝে বাইসাইকেল বিতরণ করে সফটওয়্যারটির উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রীর ছেলে ব্যারিস্টার মো. কৌশিক নাহিয়ান নাবিদ এই সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপ এর উদ্যোক্তা।