বাংলাদেশ-দ.কোরিয়ার যৌথ আয়োজনে 'আইডিয়াথনের' রেজিস্ট্রেশন শুরু

দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে শুরু হয়েছে 'আইডিয়াথন' কনটেস্টের রেজিস্ট্রেশন।

শনিবার বিকেলে অনলাইনে কনটেস্টটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে 'আইডিয়া' প্রকল্প আয়োজন করছে এই প্রতিযোগিতা।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের উৎসাহিত ও অনুপ্রাণিত করাই হলো এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য। এই আয়োজনের ফলে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটাকে একটা ভিন্ন মাত্রায় উন্নীত করবে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি দলে দলনেতাসহ সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জন সদস্য অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স বা এমফিল বা পিএইচডি সম্পন্ন করেছেন অথবা ইউজিসি কর্তৃক স্বীকৃত বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক বা সমমান পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হয়েছেন, এমন আগ্রহীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে বয়স ২২ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। আইডিয়াথনে অংশ নেবার জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২১ নভেম্বর ২০২০ (শনিবার)। বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য ভিজিট করতে হবে- http://ideathon.startupbangladesh.gov.bd/

Let’s Start You Up স্লোগান নিয়ে অনুষ্ঠেয় এই কনটেস্টের চূড়ান্ত বাছাই শেষে সেরা ৫ উদ্ভাবনী স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীরা পাবে দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের বিশেষ প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ কপিরাইট ও ট্রেডমার্ক পাবার সহযোগিতা। এছাড়া সেরা ২৫টি টিম পাবে বিশেষ মেনটরিং এবং সম্মাননাপত্র।