টেলিকম খাতের মান উন্নয়নে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় আনার আহ্বানও জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) জবাবদিহির আওতায় এনে গ্রাহকবান্ধব করতে হবে। তা ছাড়া বিটিসিএলের ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের দাম ১০০ টাকা ও ১০ এমবিপিএস গতির মূল্য ২০০ টাকা নির্ধারণ করে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে কার্যক্রম শুরু করা উচিত।
তারা আরও বলেন, অপারেটরদের বিনা শুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ দিয়ে ১ হাজার ৫০০ টাকায় ফোরজি হ্যান্ডসেট ও সংযোগ দেওয়ার ব্যবস্থা করা এবং নেটওয়ার্ক মানোন্নয়নে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অপারেটর অনুপাতে তরঙ্গ বরাদ্দ দিয়ে নেটওয়ার্কের মানোন্নয়ন, তরঙ্গের দাম কমিয়ে অপারেটরদের কল রেট ও ডাটার মূল্য কমাতে বাধ্য করা, সরকারি প্রতিষ্ঠানগুলোকে কারিগরি আধুনিকায়ন ও সম্প্রসারণ করা, টেলিটক উন্নয়নে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া, সব প্রতিষ্ঠানে টেলিটক ব্যবহার বাধ্যতামূলক করা ও সরকারি প্রতিষ্ঠানগুলোয় আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা অন্যতম।