শিল্পোদ্যোক্তাদের জন্য অত্যাধুনিক পোলট্রি হাউজ

পোলট্রি পালন ও খামার ব্যবস্থাপনাবিষয়ক ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিগগিরই চালু হতে যাচ্ছে অত্যাধুনিক দুটি অটোমেটেড পোলট্রি হাউজ। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটিকে পোলট্রি বিজ্ঞান বিষয়ে হাতে-কলমে শিক্ষা ও গবেষণা কাজে নতুন দিগন্তের সূচনা করবে।

গতকাল বাকৃবির পোলট্রি সায়েন্স বিভাগ আয়োজিত ভার্চুয়াল সভায় বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এসব কথা বলেন। পোলট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইলিয়াস আলী বলেন, ২০১৭ সালে বাকৃবির পোলট্রি বিজ্ঞান বিভাগ, প্যারাগন গ্রুপ, বিপিআইসিসি, এজিসিও প্রোটিন অ্যান্ড গ্রেইন এবং পোলট্রি কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৯ সালের জুলাইয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি অটোমেটেড পোলট্রি শেডের নির্মাণকাজ সম্পন্ন হয়।

এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাকৃবির সিন্ডিকেট সদস্য ড. এফ এইচ আনসারী বলেন, দক্ষ জনবল তৈরি হলে শুধু শিল্পেরই উন্নতি হবে তা নয় বরং সেই সঙ্গে সাধারণ তৃণমূল খামারিদেরও দক্ষতা ও উপার্জন দুটিই বাড়বে।

প্যারাগন পোলট্রির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় সমৃদ্ধ হয়েই যেন জব মার্কেটে প্রবেশ করে। দেশীয় পোলট্রি শিল্প এখন আর আগের অবস্থানে নেই। সরকারের সদিচ্ছায় আমরা ইতিমধ্যেই রপ্তানি বাজারে পা রাখতে শুরু করেছি। আন্তর্জাতিক পরিমন্ডলে সুদৃঢ় অবস্থান গড়তে হলে দক্ষ ও অভিজ্ঞ জনবলের কোনো বিকল্প নেই। আগামীতে ফিড মিল, ল্যাব ইত্যাদি প্রকল্প বাস্তবায়নেও প্যারাগন গ্রুপ বিপিআইসিসির সঙ্গে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মসিউর।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশাম বি শাহজাহান বলেন, দেশের উন্নয়নে আরও বেশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ হওয়া প্রয়োজন।