১৭ পরিচালকের পদ শূন্য করে এসইসির আদেশ

বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ কোম্পানির ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সিকিউরিটিজ আইনের বিশেষ ক্ষমতাবলে গতকাল ১৭ পরিচালকের পদ শূন্য করে আদেশ জারি করেছে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

একই সঙ্গে শূন্য ঘোষণা করা ১৭ পরিচালকের পদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শর্তে পূরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে ৯ কোম্পানিকে। যাদের সংশ্লিষ্ট কোম্পানির ২ শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে এমন শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

পদশূন্য হওয়া পরিচালকরা হলেনÑ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সোহাইল হুমায়ুন; ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রাতিষ্ঠানিক পরিচালক পাইওনিয়ার ড্রেসেস লিমিটেড; ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের মো. লোকমান চৌধুরী; ইনটেক লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম, সাদিকা মাহবুব ও আনিসুজ্জামান; মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শারমিন নাসির ও দিলরুবা শারমিন; মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শফিক আহমেদ, আজাদ মোস্তফা, আজিজ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ফারহানা ইসলাম সোনিয়া ও সাদ কাদির বিন সোলাইমান; প্রভাতি ইন্স্যুরেন্সের হাবিব ই আলম চৌধুরী ও বদলুর রহমান; পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক মোহাম্মদ ইকবাল ও ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক শাহিনুর আলম।

গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে আলটিমেটাম দিয়েছিল এসইসি। কমিশনের আলটিমেটাম পাওয়ার পর ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করেছেন। ১৯ জন পরিচালক পদত্যাগ করেছেন। আর ১৭ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেননি। এখন এ পরিচালকদের পদ শূন্য ঘোষণা করা হলো।

এ পরিচালকদের বাইরে আরেক পরিচালকের ২ শতাংশ শেয়ার নেই। তবে আদালতে মামলা থাকায় ওই পরিচালকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এসইসি। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০১০ সালের পুঁজিবাজারে ধসের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ নভেম্বর ড. খায়রুল হোসেনের কমিশন তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ও সম্মিলিতভাবে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত আরোপ করেছিল। তবে অনেক পরিচালক ও কোম্পানি গত ৯ বছর ধরে এ শর্ত লঙ্ঘন করে আসছিল। চলতি বছর মে মাসে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তালিকাভুক্ত কোম্পানির পরিচালদের ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণে ৯ বছর আগের নির্দেশনা কার্যকরের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই পরিচালকদের নিজ কোম্পানির ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা নিয়ে সার্কুলার জারি করে কমিশন। এতে ৪৫ লেনদেন দিবস সময় দেওয়া হয়। এ সময় শেষ হয়েছে গত ১৩ সেপ্টেম্বর।