ফরিদগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ইসলামপুর এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত উল্লাহ (৫৫) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চির্কা গ্রামের বাসিন্দা ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ইলেকট্রিশিয়ান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাকিব জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুরে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা রহমতের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।