চট্টগ্রাম নগরের ৩টি রোডে সম্প্রতি বরাদ্দকৃত ১৮টি নতুন বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার বিকেলে নগরীর সিইপিজেড এলাকায় এসব বাস সার্ভিসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।
বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন-নগরীর ভাটিয়ারি থেকে ডিটি রোড হয়ে নিউমার্কেট, ফতেয়াবাদ-টাইগারপাস হয়ে নিউমার্কেট এবং কালুরঘাট-বহদ্দারহাট-আগ্রাবাদ হয়ে কাঠগড় পর্যন্ত এই তিনটি সড়কে প্রতিদিন এসব বাসগুলো চলাচল করবে।
গত ২৩ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামের মানুষের দুর্দশা, দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বিআরটিসির চেয়ারম্যানকে বিআরটিসি বাস বরাদ্দ চেয়ে পৃথকভাবে চিঠি দেন চসিকের নবনিযুক্ত প্রশাসক। এই আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি বিআরটিসি থেকে এসব বাস বরাদ্দ দেওয়া হয়েছে।
চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেন, নগরবাসীর অনেকদিনের আকাঙ্খা ও প্রত্যাশা ছিল কাটগড় থেকে কালুরঘাট পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালুর। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করে গণপরিবহণের অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে কিছুদিন পূর্বে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছিলাম। এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি আলাপ করে বিষয়টি তুলে ধরলে মন্ত্রী মহোদয় আমার আহ্বানে সাড়া দিয়ে অতি অল্প সময়ের মধ্যে নগরীর গণপরিবহণের স্বল্পতা দূরীকরণে ১৮টি ডাবল ডেকার ও ৪টি এসি বাস প্রদান করেন। এজন্য আমি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ও বিআরটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বিআরটিসির বাস একটি রাষ্ট্রীয় সম্পত্তি। এর সঠিক সেবা প্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার। প্রত্যেক বাসে একটি করে অভিযোগ বাক্স রাখতে হবে। যেখানে যাত্রীরা যে কোন অভিযোগ এই বাক্সে ড্রপ করতে পারবে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় গণপরিবহণে মহিলাদের শ্লীলতাহানী ও ইভটিজিংয়ের ঘটনা ঘটছে। যা অত্যন্ত দুঃখজনক ও সামাজিক অবক্ষয়ের সামিল। তাই বাসে যাতে কোন নারী ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য প্রত্যেক যাত্রীসাধারণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে একজন নারী কোন না কোনভাবে আমাদের আমানত। এসময় তিনি যে কোন সমস্যা বা বিব্রতকর পরিস্থিতির জন্য সরাসরি তার মুঠোফোনে জানানোর অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি বন্দর পঙ্কজ বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন, বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার, সিইপিজেড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুলতান নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ উপস্থি ছিলেন।