আগামী চার বছরের জন্য আর্থিক রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদ উল্লাহ ভূঁইয়া। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। হামিদ উল্লাহ ভূঁইয়া এখন ঢাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এফআরসির চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদের মেয়াদ গত আগস্ট মাসে শেষ হয়েছে। তিনি ওই পদে স্থলাভিষিক্ত হবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এফআরসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন ড. হামিদ উল্লাহ ভূঁইয়া ।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ড. হামিদ উল্লাহ ভূঁইয়া বলেন, এফআরসি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
আর্থিক প্রতিবেদন আইন-২০১৫-এর অধীনে গঠিত এফআরসি আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালে কাজ শুরু করে।