সদর দপ্তরে আইজিপি

নারী পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনের নির্দেশ

পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পুলিশের নারী সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নারীর অধিকারকে সমুন্নত রাখতে সমাজে জেন্ডার মেইনস্ট্রিমিং বাস্তবায়নে অবদান রাখতে আহ্বান জানাই।’

গতকাল সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি পুলিশে কর্মরত সব নারী সদস্যের জন্য বন্ধুসুলভ ও নারীবান্ধব উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে নির্দেশ দেন বিপিডব্লিউএন কার্যনির্বাহী কমিটির সদস্যদের।

বিপিডব্লিউএনের সভাপতি আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য কর্মকর্তা আইজিপির কাছে পেশাগত নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

আইজিপি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে। দেশ ও মানুষের স্বার্থে পুলিশের পুরুষ সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছেন তা আরও শক্তিশালী হবে।