নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপারের সামনে জনসম্মুখে নাসিক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলার শেল্টারে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে রোষানলে পড়েছেন হৃদয় নামের এক যুবক।
এ সময় কাউন্সিলর আলী হোসেন আলার সমর্থকেরা বিশৃঙ্খলা ও চরম হট্টগোল সৃষ্টি করলে থানার ওসি কামরুল ফারুক মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। হৃদয় নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
এ সময় এসপি সকলকে শান্ত থেকে প্রকাশ্যে অভিযোগ না এনে গোপনে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, (পিপিএম-বার)।
এ সময় সংক্ষিপ্ত মতামত প্রদানে বক্তব্য রাখতে গিয়ে হৃদয় কাউন্সিলর আলার বিরুদ্ধে অভিযোগ তোলেন।