হল খুললেও মুক্তি পাচ্ছে না নতুন সিনেমা

সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দেশের সব প্রেক্ষাগৃহ। এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সিনেমা হলের মালিকদের মধ্যে। তাদের আশা, নতুন নতুন সিনেমা প্রদর্শনের মাধ্যমে আবার চাঙা হবে ব্যবসা। তবে মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর প্রযোজকরা এখনই সিনেমা মুক্তি দিতে চাইছেন না। একাধিক পরিচালক ও প্রযোজকের সঙ্গে আলাপ করলে তারা জানান, আগে পরিস্থিতি বুঝবেন, তারপর মুক্তির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন। কেউ কেউ প্রচারণার জন্য কমপক্ষে এক মাস সময় নিতে চান। তবে মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর প্রযোজকরা জানান, করোনা না এলে হয়তো সব সিনেমাই মুক্তি পেত। প্রত্যেকটি মুভির মুক্তির দিনও চূড়ান্ত ছিল। সেন্সর হয়ে মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর মধ্যে আছে- বিদ্রোহী, মিশন এক্সট্রিম, ক্যাসিনো, জ্বীন, বিশ্ব সুন্দরী, পরাণ, বান্ধব, নীল মুকুট ও ঊনপঞ্চাশ বাতাস। শ্যুটিংয়ে একেবারে শেষ পর্যায়ে ছিল শান, বিক্ষোভ, ওস্তাদ, অপারেশন সুন্দরবন, স্বপ্নে দেখা রাজকন্যাসহ আরও কিছু সিনেমা।

শীর্ষ অভিনেতা শাকিব খান অভিনীত মুভি ‘বিদ্রোহী’র পরিচালক শাহীন সুমন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ মুভিটি গেল রোজার ঈদে মুক্তির কথা ছিল। সিনেমা হল খুললে এটি মুক্তি পাবে কি না জানতে চাইলে প্রযোজক সেলিম খান বলেন, ‘শিগগির সিনেমা হল কর্তৃপক্ষ, বুকিং এজেন্টের সঙ্গে মিটিংয়ে বসব। হল খুললেই এত বড় বাজেটের মুভি মুক্তি দেব না।’ তিনি আরও বলেন, ‘আগে পরিস্থিতি বুঝব তারপর মুক্তি দেব। যোগ করেন, ‘“শাহেনশান” মুক্তির দুদিন পরই দেশে করোনা সংক্রমণ হয়। সব দর্শক সিনেমাটা দেখতে পারেনি। তাই ১৬ অক্টোবর যদি হল চালু হয় নতুন করে আবার “শাহেনশাহ” মুক্তি দেব।’

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ দ্বৈতভাবে পরিচালনা করেছেন তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’-এর দুই কিস্তি। পরিচালক সানী সানোয়ার বলেন, ‘আগে অবজার্ভ করতে চাই এ পরিস্থিতিতে দর্শক হলে গিয়ে সিনেমা দেখাটা কীভাবে গ্রহণ করছে। দর্শকদের উপস্থিতির ওপর নির্ভর করে মুভি মুক্তির তারিখ ঘোষণা দেব। তবে কমপক্ষে এক মাস প্রচারণার জন্য সময় নেব।’

নিরব-বুবলীকে নিয়ে ‘ক্যাসিনো’ নির্মাণ করেন পরিচালক সৈকত নাসির। এর প্রযোজক রাজীব সারোয়ার বলেন, ‘এ অবস্থার মুক্তি দিলে লগ্নির অর্ধেকও পাব কি না সন্দেহ! এছাড়া অনেক হল এর মধ্যে বন্ধ হয়ে গেছে। তাই এ পরিস্থিতিতে কোনোভাবেই সিনেমা মুক্তির পক্ষে নই। “ক্যাসিনো” আমার প্রথম প্রযোজিত সিনেমা। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুক্তি দিতে চাই না।’

জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত এতে অভিনয় করেছেন সজল, রোশান, পূজা চেরী। প্রতিষ্ঠানটির প্রযোজক আলিমুল্লাহ খোকন বলেন, ‘এ অবস্থায় সিনেমা হলে দর্শক আসবে কি না সন্দেহ আছে। জাজের পক্ষ থেকে সিনেমা মুক্তি দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মুক্তির পক্ষে নই।’

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম মুভি ‘বিশ্ব সুন্দরী’। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে সিয়াম-পরীমনি অভিনীত এ মুভির মুক্তির কথা ছিল, যা করোনায় থেমে যায়। পরিচালক বলেন, ‘করোনা না এলে ২৭ মার্চ মুক্তি পেত। নতুন করে মুক্তির বিষয়টি প্রযোজক ভালো বলতে পারবেন। মুভির প্রযোজক অজয় কুমার কু-ু বলেন, মুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সিনেমা হল খুললে কিছুদিন পর্যবেক্ষণ করব। দর্শকদের হলে আসার বিষয়টি বিবেচনা করে মুক্তির নির্ধারণ করা হবে।’

রায়হান রাফী পরিচালিত মুভি ‘পরাণ’। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ এবং ইয়াশ রোহান। লাইভ টেকনোলজিসের প্রযোজনায় এটি পহেলা বৈশাখে মুক্তির কথা থাকলেও করোনায় সম্ভব হয়নি। প্রযোজক তামজিদ অতুল বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় এনে হল চালুর কমপক্ষে এক মাস পর মুক্তি দিতে চাই। এর মধ্যে প্রচার চলবে।’

এদিকে করোনার মধ্যে প্রথম সিনেমার কাজ শুরু প্রায় শেষ করেছেন অনন্য মামুন। ‘নবাব এলএলবি’ নামে ওই মুভিতে রয়েছেন শাকিব খান, মাহিয়া মাহি, স্পর্শিয়াসহ অনেকে। পরিচালক আগেই জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ২৩ অক্টোবর মুভিটি তিনি মুক্তি দেবেন। অনন্য মামুন বলেন, ‘আগে আই থিয়েটার অ্যাপে “নবাব এলএলবি” মুক্তি দেওয়া হবে। সিনেমা হলে দেব কি না সেটা পরে বিবেচনা করব। এছাড়া মেকাপ, সাইকো নামে আরও দুই মুভি মুক্তির অপেক্ষায়। সবগুলো আগে অ্যাপে মুক্তি দেব।’