পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম দিনে ইলেকট্রনিকস খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কেউ হাতছাড়া করতে চাননি। গতকাল সারা দিনে এই কোম্পানির মাত্র ৩৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। যদিও লেনদেনের শুরুতে ১ কোটি ২২ লাখ শেয়ার কেনার আদেশ ছিল। ক্রয়াদেশের ব্যাপক চাহিদায় গতকাল লেনদেনের শুরুতেই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয়। এ কারণে এটি দিনভরই বিক্রেতাশূন্য ছিল।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কোম্পানিটি প্রতিটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ ডিসকাউন্টে ২৫২ টাকায় বিক্রি করে। লেনদেন শুরুর প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২৬ টাকা বা ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী লেনদেনের প্রথম দিনে এর বেশি আর দরবৃদ্ধির সুযোগ ছিল না। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭৮ টাকা দরে লেনদেন হয়।
গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাইটেক ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২৪৩টি, যার শূন্য দশমিক ৯৭ শতাংশ পুঁজিবাজারে ইস্যু করেছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৩০২ কোটি ৯২ লাখ টাকা।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের গত ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ)
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ঊচঝ) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই ২০১৯-মার্চ ’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৪ টাকা ২২ পয়সা। আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।