সাটুরিয়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা কিশোরীকে হাসপাতালের ওয়ার্ডবয় মাজিদুল করিম ধর্ষণ করেছে বলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। মাজিদুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ।
গত ৩ সেপ্টেম্বর জ¦র ও শারীরিক ব্যথা নিয়ে হাসপাতালের তৃতীয় তলায় নারী ওয়ার্ডে ভর্তি হয় এক কিশোরী (১৬)। সে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সেপ্টেম্বর রাতে ওই ওয়ার্ডে দায়িত্বে ছিল মাজিদুল। ওই রাতে সে কিশোরীকে হাসপাতালের নিচতলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে বারান্দায় ফেলে মাজিদুল পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এর আগে গত শনিবার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সাটুরিয়া হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সাদিককে কমিটির প্রধান করে সাত সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ওয়ার্ড বয় মাজিদুল ওই মেয়েকে ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার মিঞা বলেন, মেয়েটি বা তার পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। তাই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।