ভারত বাংলাদেশের সম্পর্ক একটি ঐতিহাসিক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। তিনি বলেছেন, ‘এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় অটুট থাকবে।’ গতকাল বুধবার ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় এবং ভারত সরকার সব সময় আমাদের পাশে থাকবে ।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার প্রতিনিধি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর নামে গান্ধী-মুজিব ইনস্টিটিউশন অব টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন ভারতীয় হাইকমিশনারের কাছে। সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আর বলেন, ‘মহাত্মা গান্ধী দুই দেশকে একই সুতোয় বেঁধে রাখতেন। সেই সম্পর্কটা আমরাও রাখতে চাই। আমি দোহারে এই গান্ধী আশ্রমের কথা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে শুনেছি। তাই এখানে আশার অনেক ইচ্ছে ছিল।’
তিনি বলেন, ‘মহাত্মা গান্ধী দেশি পণ্য উৎপাদনের মন্ত্রে ভারতবাসীকে উজ্জীবিত করতে চরকায় নিজে সুতা তৈরি করতেন এবং দেশবাসীকে উৎসাহ জোগাতেন। আপনারাও দেশি পণ্যের প্রতি জোর দেবেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।