ডাক বিভাগের ডিজির অপসারণ চায় সংসদীয় কমিটি

দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের দুর্নীতির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। তদন্তের ক্ষেত্রে তার স্বপদে বহাল থাকার বিষয়টি দেশের সবাইকে প্রশ্নবিদ্ধ করেছে মর্মে সভায় মতামত ব্যক্ত করা হয়। করোনা পজিটিভ থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও সন্দেহজনক মর্মে অভিমত প্রকাশ করা হয়। তাই অতিদ্রুত তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য বৈঠকে জোর সুপারিশ করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ নিয়েই একটি অনুষ্ঠানে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুধাংশু ভদ্র। এ ছাড়া পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন না করে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিটির সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও বৈঠকে যোগ দেন। বৈঠকে ডাক বিভাগের ডিজিও উপস্থিত ছিলেন।