নিজ কন্যাকে ধর্ষণকারী তইজার রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার হারাগাছ থানার উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিকর্মী নাসির হোসেন সুমন, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, গোলাপী বেগম, দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাবা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের ঘটনায় আমরা হতবাক হয়েছি। বাবার কাছে যদি কন্যা ধর্ষিত হয় তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ, মাদক-জুয়া, অপসংস্কৃতি-অশ্লীলতার ঘটনায় মানুষের জীবন বিপন্ন। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মদদ যোগাচ্ছে।
এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বরহারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হলেও আসামিকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো আসামি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মামলার বাদী ধর্ষিতার মামাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।