শাহজাদপুরে বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১০ দোকান ভষ্মীভূত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারের সিরাজ প্লাজার তৃতীয় তলায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় তৃতীয় তলার অন্তত ১০টি ইলেকট্রনিক্স দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।

মার্কেটের দোকান মালিক হারুন ও শাকিল জানায়, দুপুরে হঠাৎ বিকট গন্ধ ও কালো ধোয়ার সৃষ্টি হয়। দৌড়ে ৩ তলায় গিয়ে দেখি কালো ধোয়ায় চারদিক অন্ধকার হয়ে গেছে। এ সময় আমাদের চিৎকারে অন্যান্য দোকান মালিকরা দৌড়ে এসে প্রথমে নিজেরাই আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা পরিষদের পুকুর থেকে পানির ব্যবস্থা করে আগুন নিভানোর কাজ শুরু করে। এরপর উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের আরো একটি দল এসে আগুন নিভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসেরএ দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মঞ্জিল হক বলেন, খবর পাওয়া মাত্র আমাদের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।