চীনা নেটওয়ার্কের ১৫০ অ্যাকাউন্ট বন্ধ করল ফেইসবুক

রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের কাজে ব্যবহৃত চীন সংশ্লিষ্ট ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক। বিবিসি এর কারণ হিসেবে জানায়, চীনা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলো ‘ফেইক’ বলে শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। অ্যাকাউন্টগুলো এতদিন চীনা স্বার্থ রক্ষা করে আসছিল। এর মধ্যে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কিছু পোস্টও করা হয়েছে সেগুলো থেকে।

ফেইসবুক জানায়, চীনা নেটওয়ার্কটিতে এক লাখ ৩০ হাজার ফলোয়ার আছে। যদিও তার খুব কমসংখ্যকই যুক্তরাষ্ট্রের। ২০১৬ সালে অ্যাকাউন্টগুলো খোলা হয়। ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা স্বার্থে অধিকাংশ পোস্ট দেওয়া হয় সেগুলোতে। ফেইসবুকের গবেষণা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব অ্যাকাউন্ট ‘ফেইক’ বলে চিহ্নিত করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চীনা ‘ফেইক’ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান।