টাঙ্গাইলে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ!

টাঙ্গাইলের দেলদুয়ারে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গত বুধবার বিকেলে পুলিশ উপজেলার সিংহরাগী গ্রামের অভিযুক্ত মো. মাসুদকে (২০) গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাসাইল থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, বুধবার ওই ছাত্রীর মা মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। রিমান্ড চেয়ে গ্রেপ্তার মাসুদকে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মাসুদ ভুক্তভোগী ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় বিরক্ত করত। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মোবাইলে তাকে বাড়ির সামনে ডেকে নেয়। পরে তুলে নিয়ে সিংহরাগী বিলে গিয়ে ধর্ষণ করে। এ সময় তাকে সহযোগিতা করে আরও দুজন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয় তারা। মঙ্গলবার শিশুটি বাবা-মাকে বিষয়টি জানায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে বুধবার সদর হাসপাতালে পাঠানো হয়। ওই ছাত্রী মাসুদ ও তার সহযোগীদের বিচার দাবি করেছে।

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ : খাগড়াছড়িতে ডাকাতির পর বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। শহরের বলপাইয়া আদাম এলাকায় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনের এক বাড়িতে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই নারীর স্বজনদের বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আবছার জানান, বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিল তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার হাত-পা বেঁধে ডাকাতরা প্রথমে সবকিছু লুটপাট করে। পরে তারা একটি কক্ষে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।