মাদকসেবী ছেলের নির্যাতনে বাবার আত্মহত্যার চেষ্টা

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে বাবা মাহমুদ আলীকে (৬২) মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল ছেলে সুমন মিয়া (২৫)।  গত বৃহস্পতিবার রাত ৯টায় মাদকাশক্ত ছেলে আবারও নির্যাতন করলে রশি দিয়ে রাস্তার পাশের গাছে ঝুলে আত্মহত্যার চেষ্টা করলে মাহমুদ আলীকে রক্ষা করে এলাকাবাসী। এ ঘটনার পর ছেলে সুমন মিয়া রাতেই বাড়ি থেকে পালিয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার জামিরকোনা গ্রামের মাহমুদ আলী দরিদ্র কৃষক। ছেলে সুমন মিয়া লেখাপড়া বাদ দিয়ে একপর্যায়ে নেশায় জড়িয়ে পড়ে। বাবা মাহমুদ আলী ছেলেকে শাসন করলে তার স্ত্রী ও ছেলে মিলে তাকে প্রায়ই মারধর করেন। গত বৃহস্পতিবার রাতেও ছেলে সুমন মিয়া নেশার টাকার জন্য বাবাকে পেটালে তিনি আদমপুর সড়কের একটি গাছে ঝুলে আত্মহত্যার প্রস্তুতি নেন। এ সময় পথচারীরা তাকে রক্ষা করে।

স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ বলেন, ছেলেটা খারাপ। বাবাকে মারধরের বিষয়ে একাধিক বিচার সালিশ হলেও কাজ হয়নি।